স্থানীয় প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে গাঁজা সেবনের দায়ে নবম শ্রেণি পড়ুয়া তিন ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ মাদকাসক্ত শিক্ষার্থীদেরকে বহিস্কার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, ওই তিন ছাত্রীর অভিভাবকদের উপস্থিতিতে এক সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে তারা যাতে অন্যত্র লেখা পড়ার সুযোগ পায় সেজন্য নর্মাল টিসি দেয়া হয়েছে।
সম্প্রতি, কয়েকজন ছাত্রীর কথাবার্তা ও চাল-চলনে অসংগতি দেখা দিলে শিক্ষক, শিক্ষিকারা অনুসন্ধান শুরু করেন। এক সময় তারা জানতে পারেন, ওই ছাত্রীরা বিদ্যালয়ের বাথরুমে গিয়ে সিগারেটের সাথে গাঁজা সেবন করছে। এছাড়াও ওই ছাত্রীরা কোল্ড ড্রিঙ্কসের সাথে কোন একটি সিগারেটের তামাক ভিজিয়ে নেশা করে বলেও অনুসন্ধানে জানা যায়।
এ ঘটনায় অভিভাবক মহলে চরম আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, বাড়িতে বসে এরা মাদকাসক্ত হয়নি, হয়েছে বিদ্যালয়ে গিয়ে। এই বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালনের বিষয়ে যথেষ্ট উদাসীন। এখানে শৃঙ্খলার অভাব রয়েছে।
